০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর মরদেহ উদ্ধার

সকালে শফিউল আলম অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। পরে তিনি স্ত্রী নাজমার মোবাইলে একাধিকবার কল দিলেও ধরছিল না।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 06:31 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ তার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে পৌর শহরের শিবনাথ পাড়া এলাকার একটি বাড়ির তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানিয়েছেন।

নিহত ৫১ বছর বয়সী নাজমা আলম ওই এলাকার ভেটেরিনারি চিকিৎসক শফিউল আলম শাহীনের স্ত্রী। তাদের এক ছেলে-মেয়ে। তবে বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই থাকতেন। 

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সকালে শফিউল আলম অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। পরে তিনি স্ত্রী নাজমার মোবাইলে একাধিকবার কল দিলেও ধরছিল না। 

পরে তিনি বাসার নিচতলার ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করেন। ভাড়াটিয়া বাড়ির তিনতলার ঘরে গিয়ে সোফায় হাত বাধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমার মরদেহ দেখতে পান। 

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, “এটি নিঃসন্দেহে হত্যা। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।