Published : 30 Jan 2025, 09:57 PM
টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার মো. মোনায়েম হোসেন খান (আলম) বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সমিতির নতুন নেতৃত্ব হলেন- সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম (রতন), সহসভাপতি মো. শামসুল আলম ও মো. মোবারক হোসেন খান, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, লাইব্রেরি সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদ বেলাল তালুকদার, নির্বাহী সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন, রাশেদা আক্তার, মোহাম্মদ নাসির উদ্দিন, পারভীন আক্তার, জাহিদুল ইসলাম ও আতাউর রহমান।
১৪টি পদে ২০ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এবং দলটির বিদ্রোহীদের দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সুযোগ তৈরি হয়।
প্রধান নির্বাচন কমিশনার মো. মোনায়েম হোসেন খান (আলম) বলেন, যেসব প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছিলেন বৃহস্পতিবার বিকাল ৪টায় সেই আবেদনগুলো গ্রহণ করা হয়েছে। এতে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিধি মোতাবেক বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের সব প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে আওয়ামী লীগের দুটি প্যানেলের নেতৃত্বের সঙ্গে কথা বললে তারা কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের এক নেতা বলেন, মঙ্গলবার কয়েকজন ছাত্রনেতা এসে তাদেরকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। পরদিন তারা তাই করেন। তারা সবাই ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা বলেছেন।
আরও পড়ুন:
নওগাঁ আইনজীবী সমিতি: জাতীয়তাবাদীরা বিনা ভোটে জয়ী
সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়
সিরাজগঞ্জ বারে বিএনপি-জামায়াত বিনা ভোটে জয়ী, বাধার অভিযোগ
ভোলা আইনজীবী সমিতি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি প্যানেল জয়ী
চাঁদপুর আইনজীবী সমিতিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপিপন্থিরা