১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আইনজীবী সমিতিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপিপন্থিরা

আওয়ামীপন্থি ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ বিদ্যমান পরিস্থিতি ও পরিবেশ বিবেচনায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এন এম মাইনুল ইসলাম এক ঘোষণায় বিএনপি সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য’ প্যানেলের ১৫ জনকে বিজয়ী ঘোষণা করেন। 

এ সময় সহকারী নির্বাচন কমিশনার শাহজাহান আখন্দ ও শরীফ মাহমুদ সায়েম উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি মোহাম্মদ বাবর বেপারী, সিনিয়র সহসভাপতি মঞ্জুর আলম চৌধুরী, জুনিয়র সহসভাপতি মো. ফরিদ আহাম্মদ মিয়া (রিপন), সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান), যুগ্ম সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান, সম্পাদক ফরমস মো. কামাল হোসেন, লাইব্রেরি সম্পাদক আবদুল কাদের খান, সমাজকল্যাণ ও সেমিনার সম্পাদক শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর মো. কামাল হোসেন, রানিং অডিটর মোহাম্মদ মুসলিম মিয়াজী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি মো. সানজিদ হাসান (সনি), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি মহিউদ্দিন ফাহাদ, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে কামরুল হাসান প্রধান, তানজীর আহমেদ (মামুন) ও আবদুল কাদের জিলানী (মিল্টন)।

আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ বিদ্যমান পরিস্থিতি ও পরিবেশ বিবেচনায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। ১৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহিরুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচনের বিষয়ে জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মাইনুল ইসলাম বলেন, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এদিন পর্যন্ত একটি প্যানেল তাদের প্রার্থিতা দাখিল করেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখও ছিল সোমবার। 

“যেহেতু, একটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তারা প্রত্যাহারও করেনি, তাই সঙ্গত কারণেই এই প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।”

২৩ জানুয়ারি তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি।