২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় পুলিশের উপর পাথর উত্তোলনকারীদের হামলায় গ্রেপ্তার ৬, মেশিন জব্দ

বৃহস্পতিবারের এ ঘটনায় ডিমলা থানায় চারটি মামলা করে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাথর উত্তোলনের ‘বোমা মেশিন’ জব্দ করে বিনষ্ট করা হয়েছে।  

উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত তিস্তা পাড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুজ্জামান বলেন, অভিযানে বিজিবির ৬৩ জন, পুলিশের ৪০ জন এবং আনসার বাহিনীর ১০ সদস্য অংশগ্রহণ করেন।

মামলার বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে একটি চক্র অবৈধভাবে সিক্স সিলিন্ডার বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি তাতে বাধা দিতে যায়। তখন বালু উত্তোলনকারীরা পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপর হামলা চালায়।   

এতে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, সাত পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হন। আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রাতে ডিমলা থানায় চারটি মামলা করে পুলিশ। 

ডিমলা থানার ওসি শওকত আলী বলেন, অভিযানে ছয়টি বোমা মেশিন, ছয়টি পাইপ, ৩০০ প্লাস্টিক ড্রাম এবং ১৯টি পাথর উত্তোলনের লোহার ছাকনি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। সব আসামিকে ধরতে অভিযান চলছে।

অভিযানে থাকা ৫১ বিজিবির উপঅধিনায়ক এ এফ এম জুলকার নাঈম বলেন, যৌথ টাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন:

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে বাধা, হামলায় পুলিশসহ আহত ১৭