২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি শামীম ওসমান-জিএম কাদের-চুন্নু

মামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 12:28 AM

Updated : 10 Sep 2026, 12:26 PM

নারায়ণগঞ্জে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে মামলা হয়েছে।   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন জানান ওসি মোহাম্মদ শাহীনূর আলম।  

মামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আরিফ মিয়া (৩২) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাসিন্দা, থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুর এলাকায়। 

তিনি ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলার আবেদনটি করেন।

ওসি শাহীনূর বলেন, “আদালতের নির্দেশে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে।”

বাদীর দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন আরিফ। হাটু ও শরীরের কয়েকটি স্থানে গুলি লাগার পর তিনি জ্ঞান হারান। এ অবস্থায় লোকজন তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।