পিরোজপুরে কবুতর চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, মা-মেয়ে আটক
আটক নারী বলেন, শিশুটি তাদের ২০টি কবুতর চুরি করেছে। তবে তাকে মারধর করা হয়নি; শুধু বেঁধে রাখা হয়েছে।
পিরোজপুরের নাজিরপুরে কবুতর চুরির অপবাদ দিয়ে শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাঠি গ্রামে সুপারি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় বলে নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান।
শিশুটি নির্যাতনের অভিযোগে আটকরা হলেন- ওই গ্রামের মৃত মন্নান মল্লিকের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার মেয়ে লাবনী আক্তার (২৬)।
শিশুটির ফুফু কুরছিয়া বেগম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি খবর পান, কবুতর চুরির অপবাদে সকাল ৬টার দিকে তার ভাইয়ের ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে মারধর করছেন ফিরোজা ও তার মেয়ে লাবনী।
সেখানে গেলে নির্যাতনের অভিযোগ ওঠা মা-মেয়ে কুরছিয়া বেগমকে তাড়িয়ে দেন।
পাশের গ্রামের প্রত্যক্ষদর্শী রুবেল বেপারী বলেন, ঘটনার খবর শুনে সকালে তিনি ওই বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, শিশুটিকে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে।
রুবেল বলেন, “সেখানে আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফিরোজা বেগম। কোনো শিশুকে এভাবে নির্যাতন করা বেআইনি জানালে আমাকেও মারধর করতে তেড়ে আসেন তিনি। পরে পুলিশের সহায়তা নিয়ে শিশুটিকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”
১১ বছর বয়সি শিশুটির দাবি, বাড়ি থেকে ধরে নিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে সুপারির গাছের সঙ্গে বেঁধে তাকে মারধর করা হয়। কবুতর চুরি করেনি বলার পরও প্রায় ৩ ঘণ্টা ধরে থেমে থেমে মা-মেয়ে তাকে মারধর করেন।
আটক ফিরোজা বেগম বলেন, শিশুটি তাদের ২০টি কবুতর চুরি করেছে। তবে তাকে কোনো মারধর করা হয়নি; শুধু বেঁধে রাখা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন হাওলাদার বলেন, মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় শিশুটি তার দাদির কাছে থাকে। বৃহস্পতিবার সকালে ফিরোজা বেগম ও মেয়ে লাবনী শিশুটিকে দাদির কাছ থেকে টেনে-হিঁচড়ে তাদের বাড়ি নিয়ে আসেন।
নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিরোজা বেগম ও তার মেয়ে লাবনীকে আটক করা হয়েছে। শিশুটির মামা থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান ওসি শাহ আলম।
এদিকে, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিনাত তাসনিম বলেন, “শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে। অবস্থা খারাপ মনে হলে চিকিৎসার জন্য উন্নত হাসপাতালে পাঠানো হবে।”
