২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে মারধরের অভিযোগ ৮ মাস পর

অভিযোগে তিনি আরও বলেন, “বিষয়টি ওখানেই মিটমাট করে ফেলতে উপাচার্য বিভিন্নভাবে হুমকি দেন।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 12:58 AM

Updated : 26 Aug 2026, 10:21 AM

‘অ্যাকাডেমিক কাউন্সিলে’ লাঞ্ছিত হওয়ার দাবি করে ৮ মাস পর লিখিত অভিযোগ দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিকের লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার। 

অভিযোগপত্রে আবু বকর ছিদ্দিক উল্লেখ করেছেন, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইন বিভাগের অ্যাকাডেমিক কমিটির ১২১তম সভা চলাকালে বিভাগটির সহকারী অধ্যাপক আলী মুর্শেদ কাজেমের হাতে তিনি শারীরিকভাবে চরম লাঞ্ছিত হন। 

এক পর্যায়ে তার বাবা-মা তুলে গালাগাল করা হয়। প্রতিবাদ করলে আলী মুর্শেদ তেড়ে এসে তার মুখে প্রচণ্ড আঘাত করেন। আঘাতের কারণে তার চশমা ভেঙে যায় ও মুখে জখম হয়।

ওই শিক্ষকের দাবি, সেদিনই সাবেক উপাচার্য ও আইন অনুষদের সাবেক ডিন এএফএম আব্দুল মঈনের সঙ্গে দেখা করে মৌখিকভাবে অভিযোগ করেন। কিন্তু বিষয়টি ওখানেই মিটমাট করে ফেলতে উপাচার্য তাকে বিভিন্নভাবে হুমকি দেন। 

আবু বকর ছিদ্দিক বলেন, “তখন বিষয়টি নিয়ে পত্রিকায় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করার কারণে, ঘটনার পাঁচ দিন পর শিক্ষকদের মিটিংয়ে আমার ওপর ক্ষোভ ঝাড়েন উপাচার্য।” 

তিনি আরও বলেন, “শিক্ষকদের ওই মিটিংয়ে আমাকে দোষারোপ করা হয়, উপ উপাচার্যের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছি। 

“এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে চাকরি থেকে বরখাস্তের হুমকি দেন হামলাকারী।”

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, “এক পর্যায়ে বিষয়টির বিচারের ভার আমি ওনার (উপাচার্য) ওপর ছেড়ে দিলে উনি রাগান্বিত হয়ে মিটিং ছেড়ে চলে যান এবং বিষয়টি বিভাগের অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ে মীমাংসা হয়ে গেছে মর্মে রেজ্যুলেশন নিয়ে আসতে বলেন। উপাচার্যের এমন মন্তব্যে আমি হতভম্ব হয়ে যাই ।“   

এতদিন পর কেন অভিযোগ দিয়েছেন, এমন প্রশ্নে তিনি বলেন, “সে সময় সাবেক উপাচার্য আবদুল মঈন আইন বিভাগের ডিন ছিলেন। যার কারণে আমাকে এ ঘটনা না বাড়াতে নানা রকমের হুমকি দিয়ে ছিলেন। তাই আমি অভিযোগপত্র জমা দিতে পারিনি, তাছাড়াও অভিযোগপত্র জমা না দিতে উনি অনেকভাবে আমাকে শাসিয়েছেন।”

এসব অভিযোগ প্রসঙ্গে আইন বিভাগের সহকারী অধ্যাপক আলী মুর্শেদ কাজেম বুধবার বিকালে বলেন, “এই বিষয়টি একাধিকবার মীমাংসা হয়েছে। ওই সভায়  তিনিই আমার দিকে তেড়ে আসেন হামলা করার জন্য; তখন আমি আত্মরক্ষার চেষ্টা করি। তিনি যে আমার ওপর হামলা করেছিলেন সেই প্রমাণও আমার কাছে আছে। আমি বিশ্ববিদ্যালয় ও ডিপার্টমেন্টের সম্মানের কথা ভেবে বিষয়টি নিয়ে সব সময় চুপ ছিলাম।”

এ শিক্ষকের দাবি, কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান হওয়ার কথা রয়েছে তার। তিনি যেন চেয়ারম্যান হতে না পারেন এজন্য ৮ মাস আগের মীমাংসিত একটি বিষয় নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবর রহমান মজুমদার বলেন, “অভিযোগপত্রটি পেয়েছি। যেহেতু বর্তমানে উপাচার্য পদ শূন্য, সেক্ষেত্রে নতুন উপাচার্য নিয়োগ হলে তার সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলব।”