২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে হাসপাতালে

মা ও মেয়ে মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 12:00 AM

Updated : 26 Aug 2026, 03:13 PM

বগুড়ার গাবতলী উপজেলায় নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার আট বছরের এক মেয়ে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সারিয়াকান্দি সড়কে উপজেলার জয়ভোগা গ্রামের চা-বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন।

নিহত ফাহিমা খাতুন (২৫) উপজেলার তরফ ভাইখা গ্রামের মো. মিল্টনের স্ত্রী। আহত মোছা. ফাহমিদা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্বজনরা জানান, সন্ধ্যায় ফাহিমা মোটরসাইকেলে মেয়েকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-মেয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ৮টার দিকে ফাহিমার মৃত্যু হয়। তবে ফাহমিদা হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন।

ওসি রাকিব হোসেন বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।