১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্যবসায়ীদের বাজারে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের কঠোর নির্দেশনাও দেওয়া হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

বেশি দামে সার-বীজ বিক্রয় ও লাইসেন্স নবায়ন না করার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার বেলা ২টার দিকে আটকবর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকির সময় এ জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় হাজিরা খাতুনের মালিকানাধীন ‘মায়া বেকারীকে’ ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রয় এবং লাইসেন্স নবায়ন না থাকায় একই আইনের ৪৩ ধারায় আশরাফুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্স-কে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার টাকা।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজারে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।