২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লামায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে ৩ যুবক আটক

একটি রিসোর্টের ব্যবস্থাপককে অপহরণের পর ছয় লাখ টাকা মুক্তিপণ চওয়া হয়েছিল।

লামায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে ৩ যুবক আটক
বান্দরবানের লামা উপজেলায় অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

বান্দরবানের লামা উপজেলায় অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার বাগানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান লামা থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক।

আটকরা হলেন- রুমা উপজেলার বগালেক পুকুরপাড়া এলাকার রহিম ত্রিপুরা (৩৮), লামা বাগানপাড়া এলাকার তানিয়াল ত্রিপুরা (৩৬) এবং থানচি বড় মদক এলাকার হালিরাম ত্রিপুরা (৩১)।

পুলিশ জানায়, বুধবার রাতে লামা মিরিঞ্জা এলাকার ‘প্যারাডাইস ভ্যালি’ রিসোর্টের ব্যবস্থাপক আবদুল খালেককে (২০) অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তবে আবদুল খালেক কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকাবাসী বাগানপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

পরিদর্শক এনামুল হক বলেন, “রিসোর্টের ম্যানেজার অপহরণের বিষয়টি আগে আমাদের কেউ জানায়নি। তিন যুবককে আটক করলে বিষয়টি জানতে পারি।”

স্থানীয়রা তিনজনকে প্রথমে ইয়াংছা সেনা ক্যাম্পে দেয়। সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করে।

তাদের কাছে ‘প্যারাডাইস ভ্যালি’ রিসোর্ট থেকে ছিনতাই করা দুটি মোবাইল এবং একটি কিরিচ জব্দ করা হয়েছে।