২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি

“অতি বৃষ্টির কারণে দোকানের সামনে হাঁটু পানি জমে আছে। কোনো ক্রেতা আসছে না।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 02:24 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

টানা দুইদিনের বৃষ্টিতে চাঁদপুরে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ বেড়েছে।

মঙ্গলবার রাত থেকে কখনো মাঝারি, আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।   

এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।

বিশেষ করে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় অনেক বসতঘর পানি ঢুকে পড়েছে।

চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, গত ৪৮ ঘণ্টায় সকাল ৬টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

বুধবার সকাল ৯টা পর্যন্ত তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা‌।

বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনিসহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে চলাচলে ব্যাপক দুর্ভোগে পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। 

পাশাপাশি শাহরাস্তি ও ফরদিগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দারাও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন।

শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, “অতি বৃষ্টির কারণে দোকানের সামনে হাঁটু পানি জমে আছে। যার কারণে কোনো ক্রেতা আসছে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে দোকানের সামনে পানি ঢুকে যাবে।”

শহরের মিশন রোড এলাকার বাসিন্দা আলম খান বলেন, “টানা বৃষ্টিতে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকরা কাজে যেতে পারছেন না।”