Published : 14 Jul 2025, 02:14 PM
খুলনায় এক খাদ্য পরিদর্শককে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একটি স্কুলের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে; যাকে ‘পুলিশ’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে।
তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে রোববার রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান।
তিনি বলেন, তাদের সহায়তায় খুলনা সদর থানা পুলিশ খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করে। তবে কী কারণে তাকে তুলে নেওয়া হয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক হিসেবে খুলনার ৪ নম্বর ঘাটের ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলছেন, “রোববার সন্ধ্যা ৭টার দিকে ‘পুলিশ’ পরিচয়ে সুশান্ত কুমারকে একটি ট্রলারে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে পুলিশের একাধিক ইউনিট তাকে উদ্ধারে অভিযান শুরু করে।
“পরে তেরখাদা থানা পুলিশের সহায়তায় তেরখাদার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।”
তিনি বলেন, “এ ঘটনায় খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারের স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
“অভিযোগে তিনি উল্লেখ করেছেন, রোববার সন্ধ্যার দিকে পুলিশ পরিচয় দিয়ে মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং আরও তিনজন মিলে তার স্বামীকে হাতকড়া পরিয়ে জোর করে তুলে নিয়ে যান। ট্রলারে ওঠানোর পর তারা তার স্বামীকে মারতে মারতে জেলখানা ঘাটের দিকে নিয়ে যান।”
তুলে নিয়ে যাওয়া ব্যক্তিরা চাঁদা দাবি করেছিল জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “পরিবারের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। ওই মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।”