জামালপুরে ৩ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, নৈশপ্রহরী কারাগারে
খেলার সময় শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার আসামিকে দেওয়ানগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান দেওয়ানগঞ্জ মডেল ওসি আনোয়ার হোসেন।
কারাগারে যাওয়া আব্দুল খালেক (৪৫) চর কালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বাগানবাড়ির নৈশপ্রহরী।
মামলার অভিযোগে বলা হয়, শুক্রবার দুপুরে তিন বছরের শিশুটি বাড়ির পাশে খেলতে যায়। এই সুযোগে খালেক শিশুটিকে বাগানবাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি কান্না করলে বিষয়টি জানাজানি হয়।
ওসি আনোয়ার বলেন, বিষয়টি এলাকায় জানাজানি হলে শিশুটির মা থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে বাগানবাড়ি থেকে খালেককে গ্রেপ্তার করা হয়।
