২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পাউবোর জমি থেকে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পুনর্বাসন না করে এই উচ্ছেদ অভিযানের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

কুষ্টিয়ায় পাউবোর জমি থেকে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের জায়গা দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 04:13 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

কুষ্টিয়া সদরে পানি উন্নয়ন বোর্ড-পাউবোর সেচ খালের জায়গা দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ৩৫টি ছোটবড় অবৈধ কাঁচা ঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জাহিদ হাসানের নেতৃত্বে শহরের চৌড়হাস পশ্চিম পাড়া জিকে খালের পাশে এ অভিযান চালোনা হয়।

এ সময় সেখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে পুনর্বাসন না করে অবৈধ দখল উচ্ছেদের এই অভিযানে আশ্রয় হারানো ক্ষতিগ্রস্তরা বলেন, সহায় সম্বলহীন বাপ-দাদার আমল থেকে তারা সেখানে বসবাস করে আসছেন। এখন পরিবার নিয়ে কোথায় থাকবেন? কোনো জমি নেই, কোথাও যাওয়ার জায়গা নেই তাদের।

নির্বাহী হাকিম জাহিদ হাসান বলেন, “দীর্ঘদিন ধরে জিকে ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা তৈরি করে ব্যবসা ও ছোটবড় কাঁচা-ঘর নির্মাণ করে আসছিলেন একদল লোক। এতে কৃষকের ফসলি জমিতে পানি যেতে সমস্যা হত। তাই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

“উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে নোটিস ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

জেলাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দখলে থাকা সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পাউবোর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান।