সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
২৭ অগাস্ট মহাদেবপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দুর্নীতি-অনিয়ম নিয়ে খবর সংগ্রহ করতে যান ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এ কে সাজু।
নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের ব্যানারে এ কর্মসূচি হয়।
সাংবাদিকরা জানান, ২৭ অগাস্ট মহাদেবপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দুর্নীতি-অনিয়ম নিয়ে খবর সংগ্রহ করতে যান ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এ কে সাজু। এ সময় তার উপর হামলার ঘটনা ঘটে। তার ক্যামেরা, মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, মহাদেবপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কয়েকদিন ধরে রাতে জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। এটা
নিয়মবহির্ভূত। এ ঘটনারও তদন্ত করতে হবে।
একই দাবিতে এদিন সকালে মহাদেবপুর উপজেলার মাছ চত্বরে এবং পত্নীতলার নজিপুরেও সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেন।
