ভুয়া র্যাবকে ধরতে গিয়ে জনতার রোষানলে আসল র্যাব
ফরিদপুরে নগরকান্দায় এ ঘটনায় ভুয়া র্যাব পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভুয়া র্যাবকে ধরতে গিয়ে জনতার রোষানলে পড়েন আসল র্যাব সদস্যরা। এ সময় মহাসড়ক ঘেরাও করে দুই পক্ষকে মারধর করেন জনতা। ভাঙচুর করা হয়েছে একটি মাইক্রোবাস।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নগরকান্দা থানার এসআই আমীরুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে ভুয়া র্যাব পরিচয় দেওয়া পাঁচজন ও আহতদের র্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের ফরিদপুর র্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে নিয়ে যান।
ভুয়া র্যাব সদস্যরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশ পাড়া গ্রামের মোহাম্মদ সুমন (৪৯), চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মোহাম্মদ মিন্টু (৪৫), গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের সাইফুল শেখ (৩৪), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মোহাম্মদ জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মোহাম্মদ দিদার (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাস দ্রুত গতিতে আসছিল। একটি মাইক্রোবাসে সাইরেন বাজাতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসী মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রথম মাইক্রোবাসটির গতিরোধ করেন।
মাইক্রোবাসের আরোহীরা নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দিলেও কারও শরীরে পোশাক না থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় ভুয়া র্যাব সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ঘেরাও করে মারধর করে।
এর মধ্যে পেছনে ধাওয়া করে আসা আসল র্যাবের গাড়িটি ওই এলাকায় হাজির হয়। তবে তাদের শরীরেও র্যাবের পোশাক ছিল না। তারা দ্রুত নেমে জনতার হাতে মারধরের শিকার ভুয়া র্যাব সদস্যদের বাঁচানোর চেষ্টা করেন। এ সময় আসল র্যাব সদস্যরাও জনতার মারধরের শিকার হন।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, “র্যাব-১০ এর প্রধান কার্যালয় থেকে একটি দল ডাকাতদের ধাওয়া করে আসছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে উভয়ের ওপর চড়াও হয়। কিছু র্যাব সদস্য সাদা পোশাকে থাকায় জনতা তাদের তাৎক্ষণিকভাবে প্রকৃত র্যাব বলে চিনতে ভুল করেন।”
র্যাব-১০ মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, “আমরা ভুয়া র্যাবের দলকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ধাওয়া করে নিয়ে যাচ্ছিলাম। তারা পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল দিয়ে বের হয়ে যেতে পারলেও শেষ পর্যন্ত তাদের আটক করা হয়েছে।”
জনতার হাতে মারধরের শিকার হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “জনগণ যখন ভুয়া র্যাব পরিচয়দানকারীদের মারপিট করছিলেন, তখন তাদের যাতে মেরে না ফেলে, এই আশঙ্কায় আমরা বাঁচানোর চেষ্টা করি। তবে প্রথম পর্যায়ে জনগণ আমাদেরও ভুয়া র্যাব মনে করেছিলেন। এতে আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটেছে, তবে তা আমলযোগ্য নয়।”
