শেরপুর সীমান্তে ৬ টন ভারতীয় জিরা জব্দ
এ ছাড়া ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে ৮৩৩ কেজি জিরা ও ২১ হাজার জিলেট ব্লেড জব্দ করেছে বিজিবি।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ছয় টন জিরা জব্দ করেছে বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার ভোরে উপজেলার নাকুগাঁও সীমান্তে অভিযান চালিয়ে এসব চোরাই উদ্ধার করা হয় বলে জানান বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার।
এ ছাড়া একইদিন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে বিজিবির সূর্যপুর বিওপি ৮৩৩ কেজি জিরা এবং আইলাতলী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ২১ হাজার ৬০০টি জিলেট ব্লেড জব্দ করেছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর বলেন, নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ও আইলাতলী বিওপির এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় জিরা এবং জিলেট ব্লেড পাচারের চেষ্টা করে।
খবর পেয়ে এসব এলাকায় আলাদা অভিযান চালিয়ে ছয় হাজার ৬৬৮ কেজি জিরা এবং ২১ হাজার ৬০০টি ব্লেড জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ নয় হাজার টাকা বলে জানান তিনি।
তিনি বলেন, অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর বলেন, সীমান্ত রক্ষা এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
