১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় ছুরিকাঘাতে রাজমিস্ত্রির সহযোগী খুন, যুবক আটক

পূর্ব শত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পাবনায় ছুরিকাঘাতে রাজমিস্ত্রির সহযোগী খুন, যুবক আটক
পাবনা সদর থানা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 05:10 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

পাবনা সদর উপজেলার তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে রাজমিস্ত্রির এক সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় চর কোশাখালি গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানান তিনি। 

নিহত রনি হোসেন (২৪) ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।

আটক ইমন (২৭) একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার বাসিন্দা।

ওসি আব্দুস সালাম বলেন, “রাতে ইমন চর কোশাখালী গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক কথা বলে রনি। এ নিয়ে দুজন বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করেন।”

পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকালে তিনি মারা যান।

তিনি বলেন, তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতেই ঘটনাস্থল থেকে ইমনকে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আব্দুস সালাম।