১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে জাল টাকা তৈরির আস্তানার সন্ধান, গ্রেপ্তার ৩

গ্রেপ্তারদের কাছ থেকে জাল নোট তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব।

গাজীপুরে জাল টাকা তৈরির আস্তানার সন্ধান, গ্রেপ্তার ৩
গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 03:59 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির আস্তানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব। এ সময় গ্রেপ্তার করা হয় তিনজনকে। এ ছাড়া জব্দ করা হয় জাল নোট তৈরির বিপুল সরঞ্জাম।

সোমবার রাতে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল।

গ্রেপ্তাররা হলেন- আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) এবং মো. জাহিদুল ইসলাম সবুজ (৩১)।

র‌্যাব জানায়, গোপন খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে দত্তপাড়া এলাকার খোকন ভিলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। অভিযানে তাদের দখল থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, কেমিক্যাল, রং, বিশেষ কাগজসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ করা হয় পাঁচ লাখ ৪০ হাজার টাকার জাল নোট।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বিক্রি করে আসছিলেন। আসন্ন রমজান, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে সামনে রেখে জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনাও ছিল তাদের।

র‍্যাব কর্মকর্তা নাফিজ বিন জামাল বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট ও সাধারণ মানুষকে প্রতারিত করার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। 

আটকদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।