২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

এ বিষয়ে ১ মার্চ তারা আদালতে মামলা করেছেন বলে জানান ভুক্তভোগীরা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 03:15 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

আধিপত্য বিস্তার কেন্দ্র করে ঝালকাঠির সদর উপজেলার বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন লাকি বেগম।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার শাহ আলমের ছেলে রাজু আহমেদ নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দেন। 

“তার নেতৃত্বে ১০-১২ জন লোক মিলে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে একটি মিথ্যা চাঁদাবাজির ঘটনা সাজিয়ে আমার ছেলে আরিফুল ইসলাম সজিবকে মারধর করে। 

“এ সময় রাজু তার নিজের লোকের হামলায় আহত হয়। পরে সে বিষয়টি নিয়ে আমাদের নামে একটি মিথ্যা মামলা করে। সেই মামলা আমাদের পরিবারের সকল পুরুষরা আত্মগোপনে রয়েছেন।”

ভুক্তভোগী নারী বলেন, “সেই সুযোগে গত ২৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে রাজু আহমেদের লোকজন আমাদের বাড়িতে হামলা চালায় এবং গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। এছাড়া ঘরে ভাঙচুর করে আমাদের টাকা পয়সাসহ বেশকিছু মালামাল ছিনিয়ে নিয়ে যায়।” 

এ বিষয়ে ১ মার্চ তারা আদালতে মামলা করেছেন। তারপর থেকে রাজু আহমেদের সহযোগীরা তাদের ওপর বিভিন্নভাবে হামলা, ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে জানান এই নারী। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাবরিনা আক্তার, শাহারা, ইসরাত জাহান ইভা ও জেসমিন বেগম উপস্থিত ছিলেন।তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে রাজু আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, রাজু আহমেদ থানায় একটি মামলা করেছেন, তবে বাড়িঘরে হামলার বিষয়ে কোনো মামলা হয়নি। 

এ ছাড়া আদালতে করা কোনো মামলার তথ্যও তার কাছে নেই বলে জানান তিনি।