টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
চালক বাসটি বেপরোয়া গতিতে চালাতে শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কে কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানিয়েছেন।
আহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বগলাবাড়ী গ্রামের জাহিদুল ইসলাম (৪৩) ও তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ সদর উপজেলার মাগরা গ্রামের সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের ছাড়াইগাছ গ্রামের আরিফ (২২), লালমনিরহাটের মামুন (২৫), গাজীপুর কোনাবাড়ীর তারাজুল (৩৮), একই জেলার আমপুর এলাকার নয়ন (৪০), শুদ্ধিগঞ্জ গ্রামের মেহেদী হাসান (২৬), বাখিয়া এলাকার শাহাদাত (৩৮), কাশিমপুর এলাকার কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জের রুবেল মিয়ার ছেলে রিয়াদ (২) এবং বাসাইল উপজেলার মো. মোসলেম (৫৫)।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলামসহ আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, হানিফ পরিবহণের বাসটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। এলেঙ্গা অতিক্রম করার পর চালক বাসটি বেপরোয়া গতিতে চালাতে শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের ছাদ, দরজা ও জানালার অংশ আলাদা হয়ে যায়।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
