নরসিংদীতে বাজারের মধ্যে যুবককে কুপিয়ে হত্যা
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, স্থানীয় বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নরসিংদী সদর উপজেলায় বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান।
নিহত সুমন মিয়া (৩০) বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
স্বজনদের অভিযোগ, সুমন বাখরনগর বাজারে গেলে ১০-১৫ জন তাকে ঘিরে ধরে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সস্প্রতি স্থানীয়ভাবে সেটি মীমাংসাও হয়।
ধারণা করা হচ্ছে, এ বিরোধের জেরে সুমন মিয়াকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান বলেন, “স্থানীয় বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
