টাঙ্গাইলে লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু, ছেলে গ্রেপ্তার
নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে ছোট ভাই ইউনুস মণ্ডলকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেছেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান।
নিহত ফুলমালা (৬০) ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। গ্রেপ্তার করা হয়েছে তার ছেলে ইউনুস মণ্ডলকে (২৫)।
এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে ছোট ভাই ইউনুস মণ্ডলকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেছেন।
মামলার বরাতে ওসি রাশেদুল বলেন, ইউনুস মণ্ডল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হলেও কোনো কাজ করত না। বরং মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে মায়ের সঙ্গে তার মাঝে-মধ্যে বাকবিতণ্ডা হত।
শুক্রবার সন্ধ্যায়ও মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ইউনুস ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় পুলিশ আসামি ইউনুস মণ্ডলকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
