লক্ষ্মীপুরে ‘মাদক ব্যবসার জেরে’ যুবককে কুপিয়ে হত্যা
‘ফাইটার বাবলু’ সম্প্রতি একটি হত্যা মামলায় জামিনে বেরিয়ে আসেন।
লক্ষ্মীপুর সদর উপজেলায় ‘মাদক ব্যবসার জেরে’ এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড় থেকে সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান।
নিহত আজাদ হোসেন বাবলু ওরফে ‘ফাইটার বাবলু’ উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, বাবলু মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। ১১ এপ্রিল পূর্ব চৌপল্লী গ্রামের মাদক ব্যবসায়ী রুবেল হোসেন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, “ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তার বাম হাতের কব্জি ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া বুক, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
