বল ভেবে পরিত্যক্ত বোমায় আঘাত, বিস্ফোরণে ২ শিশু আহত
শিশু দুটিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্বজনরা জানান।
যশোরের শার্শায় ক্রিকেট বল ভেবে পরিত্যক্ত হাত বোমায় ব্যাট দিয়ে আঘাতের পর বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শার্শা থানার ওসি মনিরুজ্জামান।
আহত আকিনুল হাসান (১৩) হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মোসাম্মৎ মারিয়া (৭) একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্বজনরা জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, আকিনুল ও মারিয়া গ্রামের আলমগীরের বাড়ির পাশে ব্যাট নিয়ে খেলছিল। এ সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা একটি হাত বোমাকে বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করে। তখন হাত বোমাটির বিস্ফোরণ ঘটলে শিশু দুইটি আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি মনিরুজ্জামান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
