চুয়াডাঙ্গায় ‘নিজ বাড়ি থেকে অস্ত্রসহ’ গ্রেপ্তার ছাত্রদল নেতা
গ্রেপ্তার যুবক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার ভোরে শহরের গুলশানপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে চুয়াডাঙ্গা সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান।
গ্রেপ্তার নাজমুল আরেফিন কিরণ (৩৪) ওই এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প থেকে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কিরণের গুলশানপাড়ার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে যায়।
অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের অংশবিশেষ, ১৭টি দেশীয় অস্ত্র, তিনটি চাপাতি, একটি বড় ছুরি, তিনটি রামদা, ছয়টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার এসআই সাইফুল বলেন, নাজমুল আলম কিরণের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। এরপর তাকে আদালতে পাঠানো হবে।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি মোমিন মালিতা বলেন, “কিরণের ব্যাপারে এখন পর্যন্ত আমাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই। এ বিষয়ে আগে খোঁজখবর নেব। তারপর আমাদের সিদ্ধান্ত জানাব।”
