Published : 26 Feb 2026, 02:26 PM
সাতক্ষীরার তালা উপজেলার গরু বহনকারী নসিমন উল্টে পড়ে মারা গেছেন এক গরু ব্যবসায়ী। এতে নসিমন চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ।
নিহত ইশারাত আলী (৬০) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন ধুলিহর ইউনিয়নের সাড়াগাছি গ্রামের নসিমন চালক মামুন হোসেন এবং গোবরদাড়ি গ্রামের গরু ব্যবসায়ী মতলেব হোসেন।
প্রত্যক্ষদর্শী আলী হাসান বলেন, নসিমনে তিনটি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে ধুলিহর এলাকা থেকে খর্নিয়া বাজারে যাচ্ছিলেন তারা। পথে হঠাৎ নসিমনের একটি চাকা খুলে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইশারাত আলীর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, আহত মামুন ও মতলেবকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। নসিমনে থাকা গরুগুলো অক্ষত রয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।