নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
ওসি বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা হয়েছে। মামলায় জামায়াতের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলের সময় নাশকতার ঘটনায় করা মামলায় নরসিংদীর মাধবদী থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে মাধবদী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাধবদী থানার ওসি মো. কামরুজ্জামান জানান।
গ্রেপ্তার আব্দুল জব্বার পৌর এলাকার ছোট মাধবদী মহল্লার প্রয়াত তোরাব আলী প্রধানের ছেলে।
ওসি কামরুজ্জামান বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে মাধবদীর বিভিন্ন স্থানে নাশকতা চালায় দুষ্কৃতকারীরা। এসব ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা হয়েছে। মামলায় আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর মাধবদী বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন দিয়ে নাশকতা চালানো হয়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা মাধবদী থানা ঘেরাও করতে চাইলে পুলিশের সঙ্গে সংর্ঘষ হয়। এ সময় মাধবদী পৌরসভা কার্যালয়, পোস্ট অফিস ও সোনালী টাওয়ার নামে একটি ভবনে আগুন দেয় নাশকতাকারীরা।
