২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আদালতে বাদীর উপর হামলা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মো. ইরফান মিয়া করা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসাবে লড়ছেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জে আদালতে বাদীর উপর হামলা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আদালত প্রাঙ্গনে বাদীকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও থেকে নেওয়া ছবি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে মামলার হাজিরায় আসা বাদী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। 

অভিযোগ উঠেছে, মহানগর বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী সাখাওয়াত হোসেন খানের নির্দেশে তার অনুসারীরা এ হামলা করেছেন। 

রোববার বেলা ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

হামলায় আহতরা হলেন- স্যানেটারি পণ্যের ব্যবসায়ী মো. ইরফান মিয়া (৫০), তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের ছেলে বক্সিং প্লেয়ার মো. জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫)।

তাদের মধ্যে ইরফান মিয়া গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

এ হামলার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাজিয়া সুলতানা।  

অভিযোগে তিনি বলেন, তার স্বামী ইরফান মিয়া অপর এক ব্যবসায়ী ইসমাইলের কাছে স্যানেটারি পণ্য বিক্রির ২৫ লাখ টাকা পাওনা। এক বছর যাবৎ তিনি এ বকেয়া পরিশোধ করছেন না, উল্টো তাদের হুমকি দেন। 

এ ঘটনায় কয়েক মাস আগে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন তার স্বামী। আর আসামিপক্ষের আইনজীবী হিসাবে মামলাটি লড়ছেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খান।

অভিযোগে তিনি আরও বলেন, ওই মামলায় রোববার আদালতে হাজিরা থাকায় স্বামীর সঙ্গে তারাও সেখানে যান। কিন্তু আদালত প্রাঙ্গণে তাদের দেখতে পেয়ে সাখাওয়াত হোসেনের নির্দেশে তার অনুসারী আইনজীবী ও সহকারী তাদের ওপর হামলা চালান। 

লিখিত অভিযোগে সাখাওয়াত হোসেন ছাড়াও তার ল’ ফার্মের জুনিয়র আইনজীবী খোরশেদ আলম, আল-আমিন এবং সহকারী (মুহুরি) হিরণ বাদশাকেও অভিযুক্ত করা হয়েছে।

আহত ইরফানের ছেলে মো. জিদান বলেন, “আমার বাবাকে দেখতে পেয়েই হুমকি-ধমকি দিতে শুরু করেন সাখাওয়াত হোসেন। পরে তিনি তার জুনিয়রদের নির্দেশ দিলে তারা আমার বাবাকে মারধর করতে শুরু করে। 

“আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে। আমি একজন আন্তর্জাতিক পর্যায়ের প্রফেশনাল বক্সিং প্লেয়ার, আমি আমার মাথায় গুরুতর আঘাত পেয়েছি। আমি আমার ক্যারিয়ার নিয়েও শঙ্কিত।”

মারধরের এক পর্যায়ে আদালতপাড়ায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তা হেফাজতে নেন বলেও জানান জিদান।

এদিকে, আদালত প্রাঙ্গণে বাদীকে মারধরের ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে ইরফান ও তার পরিবারের সদস্যদের মারধর করা কয়েকজন ব্যক্তির মধ্যে খোরশেদ আলম, আল-আমিন এবং হিরণ বাদশাকেও দেখা যায়।

এ ব্যাপারে কথা বলতে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে ফোন করলে সেগুলো বন্ধ পাওয়া যায়।

তবে, অ্যাডভোকেট মো. আল-আমিন পাল্টা অভিযোগ তুলে বলেন, “কয়েকজন ব্যক্তি মুহুরি হিরণ ভাইকে মারধর করতেছিল। এইটা দেইখা আমি একবার তাদের থামাইছিও। পরে তারা আমার উপরও চড়াও হয়। তখন একটা ধস্তাধস্তি হয়।”

ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনায় আহত পরিবারের একজন সদস্য থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”