২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী পুলিশ লাইন্সের শৌচাগারে ঝুলছিল কনস্টেবলের লাশ

“মাসুদ নিজের পরনের প্যান্ট দিয়ে শৌচাগারের এক্সজস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 03:54 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

রাজশাহীর জেলা পুলিশ লাইন্সের শৌচাগারের এক্সজস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার সকালে জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকের শৌচাগারে তার লাশ পাওয়া যায় বলে রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান। 

নিহত পুলিশ কনস্টেবলের মাসুদ রানা (৩৪) নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। বর্তমানে তিনি বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

ওসি আশরাফুল বলেন, “সকালে শৌচাগারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাসুদের মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা। তিনি চিকিৎসার জন্য সম্প্রতি বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন।”

তিনি বলেন, “মাসুদ নিজের পরনের প্যান্ট দিয়ে শৌচাগারের এক্সজস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।”

আশরাফুল বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন শেষে দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “মাসুদ রানা পারিবারিক টানাপড়েনের মধ্যে ছিলেন। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”