গাজীপুরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত স্ত্রী
গাজীপুর পুলিশ লাইনসের সামনের রাস্তা পারাপারের সময় একটি বাস তাদের চাপা দেয়, বলছে পুলিশ।
গাজীপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে, যিনি নওগাঁ জেলা ডিবি পুলিশে ওসির দায়িত্বে ছিলেন।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তিন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন।
দুর্ঘটনায় নিহত মোস্তাফিজ হাসানের (৫২) বাড়ি রাজশাহীর মতিহার থানার কাজলা গ্রামে। তার স্ত্রী লতিফা জেসমিনকে (৪৮) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি মেহেদী হাসান বলেন, গাজীপুর পুলিশ লাইনসের সামনের রাস্তা পারাপারের সময় একটি বাস তাদের চাপা দেয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলছেন, গাজীপুর পুলিশ লাইনসের বিপরীত পাশে প্রাইভেটকার রেখে তারা রাস্তা পার হয়ে পুলিশ লাইনস গেইট সংলগ্ন দোকানে আসেন। পরে আবার প্রাইভেটকারের কাছে যাওয়ার সময় সাথী পরিবহন নামে একটি বাস তাদের চাপা দেয়।
এরপর তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। আর তার স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়।
মোস্তাফিজ ছুটিতে গাজীপুরে স্বজনদের কাছে গিয়েছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার জানিয়েছেন।
