১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাবিতে হামলার প্রতিবাদে ‘ছাত্রদলের’ গণস্বাক্ষর সংগ্রহ

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এটি কোনো নির্দিষ্ট দলের নয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 09:00 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ চলছে। 

কর্মসূচিটি ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ আয়োজন করা হলেও এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি চলে।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী মেহেদী হাসান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হলো, সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে ব্যবস্থা নেয়।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা সবাই দেখেছে। এ ঘটনায় নতুন করে তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। তাই শিক্ষার্থীদের মতামত জানাতে এবং চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করছি।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “এটি কোনো নির্দিষ্ট দলের নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচি। ২৭ জুলাই কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও নিরাপদ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।”

তিনি বলেন, “ক্যাম্পাস, বিশেষ করে কেন্দ্রীয় লাইব্রেরির মত একটি নিরাপদ স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাকসু সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের প্রতীক হওয়ার কথা। কিন্তু যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, তাদের কর্মকাণ্ড সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন রাকসু চায় না।”

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন:

রাকসু ও ছাত্রশিবিরের 'মব ভায়োলেন্সেরবিচার চায় গণতান্ত্রিক

ভিপির বক্তব্যের প্রতিবাদে রাকসুর সংবাদ বয়কটের ঘোষণা রাবি সাংবাদিক

একাত্তরের তথ্য মুছে ফেলতেই লাইব্রেরিতে হামলারাবি ছাত্রদল সভাপতি

মারধরকে 'প্রতিরোধদাবি আম্মারেরসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থার

হামলার শিকার রাবির সেই দুই শিক্ষার্থী কারাগারে

রাবিতে ৩ শিক্ষার্থীকে আম্মার ও ছাত্রশিবিরের মারধর: 'মবেরবিচার