১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে সাড়ে ৩ মাস বয়সি শিশুর মৃত্যু

এতে হাসপাতালটিতে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 12:59 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালটিতে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে সাড়ে তিন মাস বয়সি শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

শিশুটি জেলার ফুলপুর উপজেলার দিউ গ্রামের বাসিন্দা। ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

শনিবার সকালে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আর ৫ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু। 

এছাড়া গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে ১ হাজার ৪২৫ শিশু বাড়ি ফিরেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। 

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। 

রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, দেশের অনেক শিশু অপুষ্টিতে ভোগে। অপুষ্টির কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ে, আর হাম হলে সেই জটিলতা আরও তীব্র হয়। 

তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ না থাকায় গুরুতর রোগীদের ‘বাবল সিপ্যাপ’ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হচ্ছে।