২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ‘জমির বিরোধে ভাইকে কুপিয়ে হত্যা’

তাদের চাচাতো ভাই জানান, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 10:25 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানান। 

নিহত মো. ইলিয়াছ (৫০) ওই গ্রামের বাসিন্দা। তাকে হত্যার অভিযোগ ওঠা তার ছোট ভাই বাহার মিয়া (৩৫)। 

তাদের চাচাতো ভাই আবদুল মান্নান জানান, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে বুধবার সন্ধ্যায় তারা ঝগড়ায় লিপ্ত হন। বাহার এক পর্যায়ে ধারালো দা দিয়ে তার বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে জখম করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বাহার মিয়া মাদকাসক্ত বলে দাবি আবদুল মান্নানের। 

একই কথা জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রেজা বলেন, “ইলিয়াছ নামের এক ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। আমরা পরীক্ষা করে দেখি, তিনি মারা গেছেন। তার পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে।”  

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ বলেন, নিহতের লাশ কুমিল্লা  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়নাতদন্ত হবে।