Published : 11 Nov 2024, 12:06 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় পানি নিষ্কাশনের পাইপ সংযোগ দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তি তার প্রতিবেশীর কিল-ঘুষির আঘাতে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন জানান।
নিহত (৬৫) আশরাফুজ্জামান মাল ওই এলাকার দেলোয়ার মালের ছেলে। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
ওসি মোকতার বলেন, “শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুয়াতলা গ্রামের পশু হাসপাতালের পাশে আবুল হোসেন মোল্লার ছেলে স্বপন মোল্লার বাড়ির নির্মাণ কাজ চলছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বপন বাড়ির পানি নিষ্কাশনের পাইপ ড্রেনে সংযোগের কাজ করছিলেন।
“পাইপটি প্রতিবেশী আশরাফুজ্জামান মালের দোকানের দরজার সামনে হওয়ায় তা তিনি সরিয়ে নিতে বলেন। এ সময় স্বপনের সঙ্গে আশরাফুজ্জামানের বাকবিতণ্ডা হয়। এ পর্যায়ে স্বপন তাকে স্যান্ডেল ও কিল-ঘুষি মারলে আশরাফুজ্জামান মাটিতে পড়ে মাথায় আঘাত পান।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুজ্জামানকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, “স্বপন তার বাড়ির পানির পাইপ ড্রেনে সংযোগ করতে আমার স্বামীর দোকানের দরজার মুখে গর্ত করে। আমার স্বামী তাতে বাধা দিলে স্বপন এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে হত্যা করে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মোকতার হোসেন জানান।