শেরপুরে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
বাড়ির উঠানে বান্ধবীদের সঙ্গে পুতুলের জন্মদিন পালন করছিল ওই শিক্ষার্থী। এসময় ফুল আনতে বের হয়ে আর ফেরেনি।
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মাইমুনা আক্তার (১৩) নামের ওই শিক্ষার্থীর লাশ ভালুকাকুড়া গ্রামের একটি নিচু ডোবার কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করা হয়।
নিহত মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যদের বরাতে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, গত শনিবার দুপুরে বাড়ির উঠানে বান্ধবীদের সঙ্গে পুতুলের জন্মদিন পালন করছিল মাইমুনা। এসময় ফুল আনতে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে রোববার তার পরিবার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। মঙ্গলবার বিকালে স্থানীয়রা বাড়ির কাছাকাছি একটি নিচু জমির ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ করে। পরে সেখানে গিয়ে ডোবায় কচুরিপানার ভেতর মাইমুনার লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
ওই স্কুল ছাত্রীর পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
