আইনি বাধা যেহেতু নেই, এনসিপিকে শাপলা দিতে হবে: সারজিস আলম
নেত্রকোণা ও ময়মনসিংহ জেলা সফরে গিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের ‘স্বেচ্ছাচারিতা’ কাম্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, “নির্বাচন কমিশন এবং সচিবের কথা শুনে মনে হয়েছে যে, শাপলা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকা না থাকা সেগুলো তাদের কাছে কোনো বিষয় না। সেটা তাদের মন-মর্জির ওপর নির্ভর করে।
“গণঅভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছাচারী আচরণ আমরা প্রত্যাশা করি না, এটা আমরা মেনে নেব না। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, তারা জনগণের মুখাপেক্ষী, নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে চাচ্ছে এমন দলের মুখাপেক্ষী। নাকি কোনো অস্ত্রের ভয়ে প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী- এ জবাব তাদের দিতে হবে।”
সারজিস বলেন, “আইনগত বাধা যেহেতু নেই, তাই নির্বাচন কমিশনকে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।”
মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “কয়েকটা সিটের জন্য এনসিপি কারো সঙ্গে ঐক্য করবে- সেই নীতিতে বিশ্বাস করে না। এক বা একাধিক রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জনগণ বা দেশের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা করে, সেই অনুযায়ী কথা ও কাজ করে, বাংলাদেশকে নিয়ে চিন্তা-ভাবনার মধ্যে ঐক্য দেখা যায়- তখন তাদের নিয়ে আমরা চিন্তা করতে পারি।”
কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য হলে এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই নির্বাচনে যাবে মন্তব্য করে সারজিস আলম বলেন, “এনসিপি উচ্চ কক্ষে পিআরের পক্ষে; আর নিম্ন কক্ষে পিআরের বিপক্ষে।”
এ সময় এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এ টি এম মাহবুব আলম, ইকরাম এলাহী খান সাজ, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, মোকারম আদনান, ফুয়াদ খান, জি কে ওমর উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে সারজিস আলম নেত্রকোণা জেলা এনসিপির সমন্বয় সভায় বক্তব্য দেন।
শহরের বড় বাজারের সালতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই সভা হয়।
এতে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান।
