২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভারতে অনুপ্রবেশ: দর্শনা সীমান্তে ১২ জনকে হস্তান্তর করল বিএসএফ

ফেরত আসারা বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে দেশটির বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন এলাকায় বসবাসকারী ১২ বাংলাদেশি নাগরিককে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিএসএফ। 

মঙ্গলবার দুপুরে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয় বলে জানান চুয়াডাঙ্গার-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম। ভারতের পক্ষে ছিলেন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এসি সুরন্দার সিং।

তবে তাৎক্ষণিক ফেরত আসাদের নাম-পরিচয় জানায়নি বিজিবি।  

বিজিবি জানায়, দুপুর ১২টায় চুয়াডাঙ্গার-৬ বিজিবি ও ভারতের ৩২ বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করা ১২ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। হস্তান্তর করাদের মধ্যে নয়জন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু। 

ফেরত আসাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাওয়া তথ্যের বরাতে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল বলেন, “ওই ১২ জন বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর দেশটির বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলেন। “পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিজিবির মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ।”