২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ডোবায় ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

তারা রত্নাআটা দারুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 12:27 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রত্নাআটা দারুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান। 

নিহত দুই শিশু হল- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি এলাকার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না (১৩) এবং মধুপুর উপজেলার শালিকা গ্রামের মনছুর আলীর মেয়ে মোছা.  নিছা (১২)। তারা দুজনেই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। 

পুলিশ জানায়, বিকালে রত্নাআটা মাদ্রাসা সংলগ্ন একটি ডোবার পাশে মাদ্রাসার সুপার এনায়েত উল্লাহ কয়েকজন শিক্ষার্থী নিয়ে নতুন একটি জমিতে কাজ করতে যান। কাজ শেষে বাচ্চারা পাশের ডোবায় হাত-পা ধুতে গেলে চার ছাত্রী পানিতে পরে নিখোঁজ হয়। 

পরে স্থানীয়রা দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং অপর দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

সংবাদ পেয়ে ধলাপাড়া ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে তামান্না ও নিছার সুরতহাল প্রতিবেদন করে। 

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।