‘যৌক্তিক সময়ে’ নির্বাচন দেওয়ার আহ্বান খায়রুল কবির খোকনের
নরসিংদী পৌরসভা অডিটরিয়ামে দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সংস্কারের নামে অযথা ঝুলিয়ে না রেখে ‘যৌক্তিক সময়ে’ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেছেন, “সংস্কারের নামে যৌক্তিক সময়ে নির্বাচন না দিয়ে, বছরের পর বছর, মাসের পর মাস ঝুলিয়ে রাখা জনগণ মেনে নেবে না। দেশের মালিক জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।”
শনিবার বিকালে নরসিংদী পৌরসভা অডিটরিয়ামে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, “তারেক রহমান এ সরকারকে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন। কারণ, প্রত্যাশা অনেক বেশি। মানুষের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবেন তারা রাষ্ট্র পরিচালনা করবেন।”
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট নরসিংদী জেলা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম মহাসচিব দীপক কুমার বর্মণ প্রিন্স। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী, অধ্যাপক সূর্যকান্ত দাস, অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, সাবেক কাউন্সিলর অনিল ঘোষ।
