ব্রাহ্মণবাড়িয়ায় ‘তিতাস কমিউটারের’ বগি লাইনচ্যুত
এ ঘটনার পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলায় ‘তিতাস কমিউটার’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি উপজেলার তালশহর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন।
বগি উদ্ধারে আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘তিতাস কমিউটারের’ (ড) বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে।
দুপুর ২টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী লোকোশেড ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি রেখে বাকি বগি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দিয়েছে বলে জানান তিনি।
তবে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আপ লাইনে চলাচল স্বাভাবিক থাকায় কোনো সমস্যা হচ্ছে না বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
