গোপালগঞ্জে গ্যারেজ মালিকের ঘর থেকে রিকশা চালকের লাশ উদ্ধার
শহরের মধ্যমিয়াপাড়া এলাকার কাজী অফিসের সামনের একটি বহুতল ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ শহরে রিকশা চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, শহরের মধ্যমিয়াপাড়া এলাকার কাজী অফিসের সামনের একটি বহুতল ভবন থেকে বুধবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আল আমিন শেখ (৩০) সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।
তিনি মো. কামরুল ঠাকুর নামে এক ব্যক্তির গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা চালাতেন। কামরুল রিকশা গ্যারেজ চালানোর পাশাপাশি মধ্যমিয়াপাড়া এলাকার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবেও কাজ করতেন। গ্যারেজটি ওই বহুতল ভবনের পাশেই।
ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে তিনি থাকতেন। সেই ফ্ল্যাটের বাথরুম থেকেই আল আমিনের লাশ উদ্ধার করা হয়।
আল আমিন শেখের মা আমেনা বেগম বলেন, কয়েকদিন আগে গ্যারেজের একটি রিকশা চুরি হয়। এ ঘটনায় আল আমিনকে সন্দেহ করা হয়। বুধবার বিকালে কামরুল বাড়িতে গিয়ে ছেলেকে ডেকে নিয়ে আসে এবং তাকেও আসতে বলে।
কিছু পরে আমেনা বেগম কামরুলের বাসায় এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর কামরুলের ছেলে দরজা খুলে দেন। পরে ঘরের ভিতরে গিয়ে বাথরুমে ছেলের লাশ দেখতে পান আমেনা বেগম।
তিনি বলেন, এরপর কামরুল তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
বাড়ির নিচতলার ভাড়াটিয়া লিমা বেগম সাংবাদিকদের বলেন, শব্দ শুনে তিনি উপরে উঠে দেখেন আমেনা বেগম দেয়ালে মাথা ঠুকে কাঁদছেন। ঘরে কাউকে না দেখে ভেতরে উঁকি দিয়ে বাথরুমের দরজার পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তখন আমেনা বেগম বলেন, তার ছেলে আর নেই।
তিনি বলেন, “আমি কামরুল ঠাকুরকে মোবাইলে ফোন করে বলি, এত বড় ঘটনা ঘটল, কিছুই জানলাম না, এখনই পুলিশকে খবর দেন, আমি এলাকাবাসীকে জানাচ্ছি। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।”
গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ, পিবিআই ও ডিবি কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
