২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হত্যাচেষ্টার ১০ বছর পর আদালতের নির্দেশে মামলা

শুক্রবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয় বলে গোলাপগঞ্জ থানার ওসি মীর আবু নাসের জানান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 10:07 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় হত্যাচেষ্টার প্রায় ১০ বছর পর আদালতে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক যুবক। আদালত অভিযোগ আমলে নিয়ে সেটিকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে।

শুক্রবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয় বলে গোলাপগঞ্জ থানার ওসি মীর আবু নাসের জানান।

শনিবার তিনি বলেন, মঙ্গলবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন গোলাপগঞ্জের রণকেলী উত্তর এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে সেলিম হাসান কাওছার (৩৫)। 

২০১৫ সালের ১৫ জুলাইয়ের ঘটনায় আটজনের নামে আদালতে অভিযোগ দেন তিনি। আদালত দুই দিনের মধ্যে পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। 

মামলার আসামিরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার চৌঘরীগীর্দ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল আহাদ নুর মিয়া (৫৫), গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডেও ঘোগার কুল গ্রামের সিরাজ মিয়ার ছেলে লাভু আহমদ (৪০), গোলাপগঞ্জ ফুলবাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছাদেক আহমদ (৬০), গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেলের বড় ভাই ও সিলেট জেলা পরিষদের সদস্য দাড়িপাতন গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. ফয়জুল ইসলাম ফয়ছল (৫৭), গোলাপগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক এম ফজলুল আলম (৪৮), সিলেট এয়ারপোর্ট থানার লাখাউড়া গ্রামের ফকির মিয়ার ছেলে রুবেল আহমদ (৩৫), গোলাপগঞ্জের বাঘা মাজর মহল্লার মৃত হাবিদ আলীর ছেলে বাহা উদ্দিন (৫০) ও উপজেলার আনছার মহল্লার শফিক উদ্দিনের ছেলে দুলাল আহমদ (৪২)। এ ছাড়া অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।  

মামলার এজাহারে বাদী বলেছেন, ২০১৫ সালের ১৫ জুলাই রাত ১টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনীতে আসামিরা তাকে গুলি করে। রাস্তায় পড়ে যাওয়ার পর তাকে কোপানো হয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেন। 

সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় থানা মামলা নেয়নি অভিযোগ করে বাদী বলেন, তখন তিনি অনেকের কাছে গিয়েও এ ঘটনার বিচার পাননি।