২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

কোরবানির ঈদ উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 

জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়ক সজ্জিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

পিআইডির রাজশাহী দপ্তর থেকে পাঠানো তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। 

রাজশাহীর আঞ্চলিক তথ্য কার্যালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। 

আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহে নিজ নিজ ব্যবস্থাপনায় ও তাদের সময় অনুযায়ী ঈদ জামাত আয়োজন করবে।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, এতিমখানা, শিশুকেন্দ্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার। কোরবানির পর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।