বঙ্গোপসাগরে ২ ট্রলারে ‘ডাকাতি’, জেলে গুলিবিদ্ধ
কক্সবাজার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল গভীরে সাগরে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলারে হামলা, লুটপাট ও গুলি চালিয়েছে জলদস্যুরা। এতে জহির আহমদ নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বুধবার বেলা ১১টায় গুলিবিদ্ধ জহির আহমদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে কক্সবাজার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল গভীরে সাগরে জলদস্যুদের গুলিতে তিনি আহত হন বলে জানান দেলোয়ার।
গুলিবিদ্ধ জেলে জহির আহমদ নোয়াখালী জেলার বাসিন্দা।
ঘটনার বর্ননায় দেলোয়ার বলেন, “সদর উপজেলার খুরুশকূলের ছিদ্দিক আহমদের ‘মায়ের দোয়া’ ট্রলারটি ১৯ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায় সাতদিন আগে। মঙ্গলবার মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যুরা ট্রলার ও পাশের আরেকটি ট্রলারে একসঙ্গে হামলা করে।
“তখন জলদস্যুদের গুলিতে আহত হন জহির। পরে দুটি ট্রলারের মাছ, জাল, খাবার মোবাইল ডিজেল সব কিছু লুট করে নিয়ে যায়।”
পরে ট্রলার মালিকরা খবর পেয়ে জহিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান বোট মালিক সমিতির এ নেতা।
তিনি বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
