নরসিংদীতে হামলার ঘটনায় ১১ মামলা, আরও ১ ‘জঙ্গি’ গ্রেপ্তার
“গোপন তথ্যের ভিত্তিতে আবুলকে গ্রেপ্তার করা হয়।”
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও এক ‘জঙ্গিকে’ গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
এছাড়া জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ১১টি মামলা হয়েছে।
শুক্রবার সকালে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আগের রাতে গাজীপুর জেলার কাপাসিয়া থানার বরুয়া এলাকা থেকে জুয়েল ভুঁইয়াকে গ্রেপ্তার করেন তারা।
২৬ বছর বয়সী জুয়েল নরসিংদীর শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের মো. আবুল হোসেন ভু্ইঁয়ার ছেলে।
পুলিশ সুপার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কারাগার থেকে পলাতক নয় জঙ্গির মধ্যে চারজনকে গ্রেপ্তার করলো।”
এদিকে গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৫টি, মাধবদী থানায় ৪টি, শিবপুরে ১টি ও রায়পুরায় ১টি দায়ের করা হয়েছে।
এ তথ্য জানিয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর বলেন, “এসব মামলায় মোট ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কারাগারে হামলার সময় জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৪৫টি অস্ত্র উদ্ধার হয়েছে।
এছাড়া ৯ জনকে গ্রেপ্তারসহ জেল পলাতক ৪৮১ কয়েদী থানা ও আদালতে আত্মসমর্পন করার তথ্যও দিয়েছেন তিনি।
