চা দোকানে বসা যুবককে কুপিয়ে মারল মাইক্রোবাসে আসা কয়েকজন
“তারা দুটি হাত বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়।”
যশোরের শার্শা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুটি মাইক্রোবাসে করে আসা কয়েকজন।
বৃহস্পতিবার বিকালে মান্দারতলা বাজারে ওই যুবকের ওপর হামলার পর শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান।
নিহত মোহম্মদ মুসা (৩০) উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামের মৃত আতাল হকের ছেলে।
লক্ষণপুরের ইউপি সদস্য মো. হানিফ আলি বলেন, “বৃহস্পতিবার মুসা মান্দারতলা বাজারে একটি চায়ের দোকান বসেছিল। হঠাৎ দুটি মাইক্রোবাসে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি দা দিয়ে কোপাতে থাকে।
“পরে সে মারা গেছে ভেবে রাস্তায় ফেলে রাখে। এ সময় তারা দুটি হাত বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা মুসাকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।
ওসি শেখ মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। কে বা কারা কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের ব্যাপারেও পুলিশ কাজ করে যাচ্ছে।
