দিপু দাসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি
ময়মনসিংহ নগরী ও তারাকান্দা উপজেলায় সোমবার পৃথক কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকা উপজেলায় দিপু দাসের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
ময়মনসিংহ নগরী ও তারাকান্দা উপজেলায় সোমবার পৃথক কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
দুপুরে সচেতন ময়মনসিংহবাসীর ব্যানারে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
এতে দিপু দাসের পরিবারের লোকজনসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন দিপু দাসের ছোট ভাই অপু দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আল নুর মো. আয়াস, হৃদয় খান, সাংবাদিক মোজাম্মেল খোকন, কাজী মোহাম্মদ মোস্তফা।
দিপু দাসের উপজেলা তারাকান্দায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট ও দিপু দাসের পরিবার।
সকালে তারাকান্দা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি বিজন কুমার ভৌমিক রতন, সাধারণ সম্পাদক রঞ্জিত শর্মা সরকার কাঞ্চন ও দিপুর পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা কারখানার মালিকসহ প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং দিপু দাসের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান।
বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপুকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন:
