১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রোগী সেজে কুষ্টিয়া হাসপাতালে দুদকের অভিযান, মিলল অনিয়ম

অভিযানের শুরুতে দুদকের দুই সদস্য রোগীর ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কাউন্টারে লাইনে দাঁড়ান এবং চিকিৎসাসেবা নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

রোগী সেজে কুষ্টিয়া হাসপাতালে দুদকের অভিযান, মিলল অনিয়ম
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযানের সময় বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন দুদকের প্রতিনিধি দল।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 07:43 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়ার দাবি করেছে দুদক। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালায় সংস্থাটি।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দুদক কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম অভিযানে অংশ নেন। 

পূর্বঘোষণা ছাড়াই প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই অভিযানে বেরিয়ে আসে হাসপাতালের ভেতরের চিত্র। অভিযানের শুরুতেই দুদকের দুই সদস্য সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কাউন্টারে লাইনে দাঁড়ান এবং চিকিৎসাসেবা নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। 

নিয়ম ও সিরিয়ালকে পাশ কাটিয়ে কেবল আর্থিক লেনদেনের মাধ্যমেই কীভাবে আগে-ভাগে সেবা বা সিরিয়াল বাগিয়ে নেওয়া হচ্ছে, তা প্রত্যক্ষ করে সংস্থাটি।

অভিযানে অসহায় রোগীদের দীর্ঘশ্বাস, পদে পদে হয়রানি, আর অর্থের বিনিময়ে সিরিয়ার আগে পরে নেওয়ার প্রমাণ পায় দুদকের প্রতিনিধি দল। রোগীর বেশে হাসপাতালের টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে অনিয়মের চিত্র প্রত্যক্ষ করতে এ পন্থা বেচে নেয় সংস্থাটি।

অভিযানের গোপনীয়তার কৌশল এমন ছিল যে, স্বয়ং অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা গাড়িতে ওঠার আগমুহূর্তেও জানতেন না তাদের গন্তব্য কোথায়। এমন তথ্য জানান অভিযানে অংশ নেওয়া দুদকের এক কর্মকর্তা।

অভিযান শেষে দুদকের দলনেতা জেলা কার্যালয়ের সহকারী উপপরিচালক সুরাইয়া সুলতানা বলেন, “হাসপাতালে আগত রোগীদের দীর্ঘদিনের অভিযোগের সত্যতা যাচায়ে আমরা একটা এনফোর্সমেন্ট টিম এখানে এসেছিলাম। 

“অধিকাংশ অভিযোগেরই সত্যতা মিলেছে। সেগুলো শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেছি। উনারা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক চিকিৎসক আনোয়ারুল ইসলাম বলেন, “অভিযানে পাওয়া কিছু তথ্য ও সমস্যার কথা জানিয়েছে দুদক। সেগুলোর বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর বাইরে ওনাদের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।”