২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে দাউ দাউ আগুন, দেয়াল ভেঙে কিশোরকে উদ্ধার

“স্থানীয়রা হাতুড়ি ও কুড়াল দিয়ে দেওয়াল ভেঙে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

দাউ দাউ করে ঘরের ভেতর আগুন জ্বলছে। জানালায় দাঁড়িয়ে বাঁচার জন্য আর্তনাদ করছে এক কিশোর। এক পর্যায়ে জানালার পাশের অংশ ভেঙে বের করা হয় তাকে।

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নিলু শেখের পাড়ার ইউসুফ আলী বেপারীর বাড়িতে মঙ্গলবার বিকা‌লে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

গুরুতর আহত ওই কিশোরের নাম নিতুন সরকার (১৪)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা নিমাই সরকারের ছেলে। তারা ইউসুফ আলী বেপারীর বাড়িতে ভাড়া থাকেন।

ওই অ‌গ্নিকাণ্ডের ঘটনায় নিতুনসহ তিনজন দগ্ধ হ‌য়ে‌ছে বলে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম জানান।

বাকিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-জাহিদুল ইসলামের স্ত্রী সোমা (৪০)।

দগ্ধদের মধ্যে নিতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাবেকুল ইসলাম বলেন, “ইউসুফ আলী বেপারীর বাড়িতে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে নিতুন সরকার না‌মে এক কি‌শোর।

“সে জানালায় দাঁড়িয়ে বাঁচার জন্য আর্তনাদ করছিল। তখন তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হাতুড়ি ও কুড়াল দিয়ে জানালার পাশের দেওয়াল ভেঙে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। খবর পে‌য়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে তিনজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি চারটি বসতঘর পু‌ড়ে গে‌ছে। এতে অন্তত ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

দগ্ধ আরেকজনের প‌রিচয় জান‌তে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের জরু‌রি বিভা‌গের মোবাইল ফোনে একা‌ধিকবার কল করা হ‌লেও কেউ সাড়া দেয়নি।